
রুদ্ধশ্বাস এক ম্যাচ, গ্যালারিতে দর্শকদের অস্থিরতা প্রত্যেক বলে জয়-পরাজয়ের সমীকরণ, এমন এক টান টান উত্তেজনার ম্যাচে ব্রিটিশদের পরাজিত করে টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬- এর আসরে ফাইনাল নিশ্চিত করল ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের সর্বোচ্চ রান হওয়া ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ভারতীয় দল।
মুম্বাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দল মিলিয়ে হয়েছে ৪৯৯ রান। শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা এই লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেয়নি, ফলে দর্শকরা উপভোগ করেছেন দারুণ এক ক্রিকেট ম্যাচ।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ২০ রানের মাথায় আউট হন অভিষেক শর্মা। তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ৬৭ রান তুলে নেয় দলটি। ১৮ বলে ঝড়ো ৩৯ রান করে ফেরেন ইশান কিশান।
ভারতের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন সাঞ্জু স্যামসন। এছাড়া শিভাম দুবে ২৫ বলে ৪৩ রান করেন। ইনিংসের শেষদিকে হার্দিক পান্ডিয়ার ২৭ ও তিলক ভার্মার ২১ রানের দ্রুত ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ২৫৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত।
ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন।
২৫৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। দ্রুতই ফিরে যান ফিল সল্ট। এরপর জাসপ্রিত বুমরাহর বলে আউট হন অধিনায়ক হ্যারি ব্রুক।
পরবর্তীতে ২৫ রান করা জস বাটলারকে সাজঘরে ফেরান বরুণ চক্রবর্তী। আর আক্সার প্যাটেলের বলে বোল্ড হয়ে যান ১৭ রান করা ব্যান্টন।
তবে একপ্রান্ত ধরে রেখে লড়াই চালিয়ে যান জ্যাকব বেথেল। এই ম্যাচেই টি–২০ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। উইল জ্যাকস ৩৪ রান করে ক্যাচ আউট হন, আর হার্দিক পান্ডিয়ার দ্বিতীয় শিকারে পরিণত হন স্যাম কারান।
অবশেষে ১০৫ রান করে রান আউট হন বেথেল। তার বিদায়ের পর ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ২৪৬ রানে থামে তাদের ইনিংস।
ফলে রানের বন্যায় ভরা এই ম্যাচে ৭ রানের রোমাঞ্চকর জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।