
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী ঘটছে, তা জাতি জানতে চায় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে জবাব না পাওয়া গেলে জনগণের আদালতে বিষয়টি তুলে ধরতে হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে এসব কথা বলেন দলটির আমির।
শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। একই সঙ্গে তাঁদের সংগঠনও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, দুনিয়া তাঁদের লক্ষ্য নয়; বরং আখিরাতই প্রধান লক্ষ্য। মুমিন হিসেবে প্রতিদিনের জীবন পরিচালনার সময় এ বিষয়টি সব সময় মনে রাখতে হবে। সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডেও এর প্রতিফলন থাকা প্রয়োজন। জীবনযাপনে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে। পাশাপাশি সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে দায়িত্ব পালন ও সংগঠন পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সক্ষমতা আরও বাড়াতে হবে।
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন জামায়াত আমির। তিনি বলেন, এসব ঘটনা নিয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতিকে হতাশ করেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি কিংবা সন্ত্রাসের জায়গা হবে না।
শফিকুর রহমান আরও বলেন, গত ২০২৪ সালের জুলাই বিপ্লবে এক হাজার ৪০০-এর বেশি মানুষের শহীদ হওয়া এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট এখন সময়ের অপরিহার্য দাবি।
তিনি বলেন, তাঁরা বরাবরই বলে আসছেন, সংসদে তাঁদের অবস্থান হবে দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হিসেবে সব সময় ভূমিকা রাখবেন তাঁরা। কোনো অন্যায়ের সঙ্গে আপস করবেন না। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় কার্যকর করার দাবিতে তাঁদের অবস্থানও অটুট থাকবে বলে জানান তিনি।