
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষার সংগ্রামে যুগ যুগ ধরে প্রেরণা জোগাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর মতে, ভাসানীর আদর্শ মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
সোমবার (১৬ নভেম্বর) মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন রিজভী।
বাণীতে তিনি বলেন, মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। শোষণ, নির্যাতন ও বঞ্চনার শিকার মানুষের অধিকার আদায়ের দাবিতে তিনি সব সময় সোচ্চার ছিলেন। মজলুম মানুষের বন্ধু হিসেবে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়ে গেছেন।
রুহুল কবির রিজভী আরও বলেন, দেশের ভূ-প্রাকৃতিক পরিবেশ, মাটি, মানুষ ও সংস্কৃতির ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিরবচ্ছিন্ন আগ্রাসন চলছে। এমন পরিস্থিতিতে মওলানা ভাসানীর দেখানো পথই আমাদের পাথেয়। যুগের পর যুগ শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি প্রেরণার উৎস হয়ে থাকবেন।
সবশেষে মওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।