
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)। আগামী ৪ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠেয় এই সম্মেলনের ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সম্মেলনে দলের প্রতিনিধিত্ব করার জন্য দুই সদস্যের একটি প্রতিনিধি দল নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ। তাঁর সঙ্গে প্রতিনিধি দলের সদস্য হিসেবে থাকছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিনিধি দলের মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে।
আইসিএপিপির এবারের অধিবেশনে ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ বিষয়টিকে মূল প্রতিপাদ্য হিসেবে রাখা হয়েছে। এতে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল অংশ নেওয়ার কথা রয়েছে। বিএনপি এশিয়ার রাজনৈতিক দলগুলোর এই জোটের স্থায়ী কমিটির সদস্য।
সিউলে অনুষ্ঠেয় সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে দক্ষিণ কোরিয়ার দুটি রাজনৈতিক দল—মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও পিপল পাওয়ার পার্টি।
উল্লেখ্য, ২০০০ সালের সেপ্টেম্বর মাসে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি) প্রতিষ্ঠিত হয়।