
মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতছাড়া হলেও নিজের নীতিগত অবস্থান থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটরা সিনেট কিংবা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে তাদের আনা যেকোনো বিল আটকে দিতে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের প্রস্তাব করা যেকোনো বিলের বিরুদ্ধে তিনি ভেটো প্রয়োগ করবেন। এ কারণে তাকে ‘মিস্টার ভেটো’ বলা হলেও আপত্তি নেই বলে জানান তিনি।
রাজনৈতিক বিশ্লেষক ও জরিপকারীদের একাংশের ধারণা, মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যেতে পারে। তবে ট্রাম্প নিজের কর্মসূচি বাস্তবায়নে আত্মবিশ্বাসী। তার দাবি, ফেডারেল সরকারের ওপর নজিরবিহীন নির্বাহী ক্ষমতা দিয়েছে সুপ্রিম কোর্ট।
চলতি বছরের ‘ট্রাম্প বনাম স্লটার’ মামলায় সুপ্রিম কোর্টের ৬-৩ ভোটের রায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা যে দলের হাতেই থাকুক, এ রায়ের ফলে বিভিন্ন ফেডারেল সংস্থা, বোর্ড ও কমিশনের ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষমতা পেয়েছেন তিনি।
ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলেও অভিবাসন, বাণিজ্য ও জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ নীতিতে নিজের অবস্থান বাস্তবায়নে নির্বাহী আদেশ ব্যবহার করবেন প্রেসিডেন্ট। এ ক্ষেত্রে স্টিফেন মিলার ও রাসেল ভাউটের মতো শীর্ষ উপদেষ্টারা তাকে সহায়তা করবেন।
সাক্ষাৎকারে নিজের প্রশাসনের উন্নয়ন ও সংস্কারমূলক কাজ নিয়েও কথা বলেন ট্রাম্প। হোয়াইট হাউসের ভেঙে যাওয়া জানালা ও দেয়াল মেরামতের প্রসঙ্গ তুলে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সমালোচনা করেন তিনি।
আগামী ২০২৭ সালের পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প জানান, হোয়াইট হাউসের নতুন বলরুম ও সামরিক কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ করা এবং তার প্রস্তাবিত ২৫০ ফুট দীর্ঘ তোরণ নির্মাণ শুরু করা তার অগ্রাধিকার। এ ছাড়া ওয়াশিংটন ডিসির প্রায় ৯৭টি স্থান থেকে ক্ষতিকর গ্রাফিতি পরিষ্কারের উদ্যোগকেও নিজের অর্জন হিসেবে তুলে ধরেন তিনি।
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে কোনো আলোচনা করছেন না বলে জানান ট্রাম্প। তার ভাষ্য, এ বিষয়ে আইনি ও সাংবিধানিক জটিলতা রয়েছে। তা ছাড়া রিপাবলিকান পার্টিতে বেশ কয়েকজন যোগ্য তরুণ প্রার্থী রয়েছেন।