
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় দেওয়ার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) ওয়াশিংটনভিত্তিক এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি ও পিটিআই।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, “ভারত সরকার ও দেশটির জনগণকে ধন্যবাদ। সব দলের মানুষ আমাকে গ্রহণ করেছেন, ঠিক যেমনটি করেছিলেন ১৯৭৫ সালে।”
২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
বাংলাদেশে ফেরার ইচ্ছা জানালেও প্রত্যাবর্তনের নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত তার ছেলে সজীব ওয়াজেদ জয় সাংবাদিকদের জানান, দেশে ফেরার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সময় ঘনিয়ে এলে তা জানানো হবে।
সংবাদ সম্মেলনে ২০২৪ সালের আন্দোলন এবং পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে তার সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়েও কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, তার বিরুদ্ধে কিংবা অন্য কারও বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিষ্পত্তি স্বচ্ছ ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত।