
মাদকবিরোধী উদ্যোগ নিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ফাঁদে পড়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইশরাক নতুনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন। মাদক নির্মূলের উদ্দেশ্যেই তিনি উদ্যোগ নিয়েছিলেন বলে তাঁর ধারণা। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ইশরাককে পরিস্থিতির শিকার হতে হয়েছে।
তিনি বলেন, “সমস্যাটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন সেই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।”
এদিকে দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন। গত তিন থেকে চার মাসে বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন বলেন, তাঁর মন্তব্যকে যেন কোনো সম্প্রদায়কে রাজনৈতিকভাবে চিহ্নিত করার চেষ্টা হিসেবে দেখা না হয়। হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের উদ্বেগের কথা পৌঁছে দিতে বলেছেন উল্লেখ করে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।
ভুল-বোঝাবুঝি দূর করতে দুই সম্প্রদায়ের প্রতিনিধিদের আলোচনায় বসার আহ্বান জানান তিনি। প্রয়োজনে সরাসরি বৈঠকের মাধ্যমে সমস্যাগুলো নিয়ে কথা বলা উচিত বলেও মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তাঁর মতে, আলোচনার মাধ্যমেই পারস্পরিক ভুল-বোঝাবুঝি দূর করা সম্ভব।