
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন দুই দেশের প্রতিনিধিরা। এ লক্ষ্যে সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ, পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল এবং শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
জামায়াত সূত্রে জানা গেছে, আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে মতবিনিময় হয়।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার বলেন, ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী তাঁর দেশ। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় এগোচ্ছে উল্লেখ করে তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সফরের বিষয়টি তুলে ধরেন।
এ সময় হাইকমিশনার ‘নোলেজ করিডোর’ প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কেও বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদলের পাকিস্তান সফর এবং দেশটির শিক্ষা কাঠামো ও ব্যবস্থাপনা সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা অর্জনের বিষয়টিও আলোচনায় আসে।
বৈঠকে শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রেখে ইতিবাচক উদ্যোগের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।