
ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল হওয়ায় কারও কারও ‘মাথা গরম হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজধানীতে গত দুই দিনে ‘মাথা গরমের’ কিছু লক্ষণ দেখা যাচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এর আগে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চ অনুষ্ঠিত হয়েছে এবং আল্লাহর রহমতে সেটি সফল হয়েছে। তাঁর ভাষ্য, ওই কর্মসূচির সাফল্যের পর রাজধানীতে গত দুই দিনে কিছু প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
তিনি বলেন, ‘হতাশ হয়ে মাথা গরম করবেন না। বরং জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন।’
বর্তমান দাবিগুলো ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে উল্লেখ করে জামায়াত আমির বলেন, এখন আট দফা দাবি থাকলেও তা নয় বা দশ দফায় পরিণত হতে পারে। আবার জাতির প্রয়োজন হলে যেকোনো সময় তা এক দফার আন্দোলনেও রূপ নিতে পারে।
এক দফার আন্দোলন তৈরি হলে পরিস্থিতি ‘ভয়াবহ’ হতে পারে বলে সতর্ক করেন তিনি। এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হওয়ার আগেই সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শফিকুর রহমান।
তিনি আরও বলেন, দাবি মেনে নেওয়া না হলে কোনো ধরনের ‘চক্রান্ত-ষড়যন্ত্র’ কাজে আসবে না। তাঁর দাবি, ১১ দলীয় ঐক্য কোনো দলীয় স্বার্থে নয়, দেশের মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছে।
১১ দলের সঙ্গে দেশের ১৮ কোটি মানুষ রয়েছে দাবি করে জামায়াত আমির বলেন, জনগণের দাবিগুলো আদায় করেই তাঁরা ঘরে ফিরবেন।
আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এই লড়াই শুরু হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।