
কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে ১৩ বছর বয়সী ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। নিখোঁজের ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী গন্ধমতি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। এরপর আর সে বাসায় ফেরেনি।
অপ্রতীম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অপ্রতীমের মা ড. নাহিদা বেগম ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছেন। তিনি জানান, বিকেল ৩টার পর থেকে ছেলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য অপ্রতীম তার আইফোন নিয়ে বের হয়েছিল। তবে পরে আর বাসায় ফেরেনি।
নাহিদা বেগম আরও জানান, ওই ফোনের নম্বর ট্র্যাক করে কোনো অবস্থান শনাক্ত করা যায়নি। ফোনটি সম্ভবত অপ্রতীমের কাছে নেই। এ ঘটনায় তিনি যোগাযোগের জন্য ০১৯৭৪৮৮৮৬৬৫ নম্বর দিয়েছেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল হাসান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে। কিশোরকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
ওসি জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আরও কিছু ফুটেজ সংগ্রহের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে পাওয়া ফুটেজে অপ্রতীমকে কয়েকটি দোকানের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। তার কাছে থাকা ফোনের সর্বশেষ অবস্থান কোথায় ছিল এবং কোথায় ফোনটি বন্ধ হয়েছে, সেটিও যাচাই করা হচ্ছে।