
দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা অংশ নিয়েছেন।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি দলের সামনে থাকা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘ অধিবেশন ও প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।
তার এই সফরকে সামনে রেখে প্রস্তুতি এবং সফরসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়টিও স্থায়ী কমিটির বৈঠকে আলোচনায় আসতে পারে।
এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মির্জা ফয়সল আমিনও শুক্রবারের স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত রয়েছেন।