
বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাব কম থাকলেও বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে দেশের আট বিভাগেই বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী পাঁচ দিনে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (২১ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। এ দিন সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর)ও খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবারের পরবর্তী পাঁচ দিনে দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।