
ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি’ যুক্ত করে এবার সাত দফা দাবিতে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ১৯ সেপ্টেম্বর এই লংমার্চ অনুষ্ঠিত হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, তেল সংকটের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি সংকটের কারণে ইতোমধ্যে প্রায় ১ হাজার ২০০ বেকারি বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে সারসংকট দেখা দেওয়ায় খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ফলে কৃষি ও খাদ্য উৎপাদন খাত বড় ধরনের সংকটের মুখে পড়ছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে দাবি করে জামায়াতের এই নেতা বলেন, প্রশাসন ও গোয়েন্দা বাহিনীর ব্যর্থতার কারণেই গুলশানে আওয়ামী লীগ মিছিল করার সাহস পেয়েছে।
একই সঙ্গে দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন হামিদুর রহমান আজাদ।