
দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী মত ও কণ্ঠ দমাতে ‘রক্তের হোলি’ খেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার দুপুরে ফেনী সদর উপজেলার ভোরবাজার ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক স্মরণসভা ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারের জন্য নির্মিত নতুন বাড়ির চাবি হস্তান্তর উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, একসময় বিএনপির লাখো নেতাকর্মীকে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে জীবন কাটাতে হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী মতের মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। গুম-খুনের শিকার বিএনপির অসংখ্য নেতাকর্মীর পরিবারে এখনও অপেক্ষার শেষ হয়নি।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্র ও অসহায় মানুষের জন্য রাজনীতি করে। দলটি যখনই ক্ষমতায় এসেছে, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে।
রিজভী বলেন, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই মানুষকে গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে। পুলিশের গুলিতে নিহত হারুনুর রশিদরা মেট্রোরেল বা পদ্মাসেতু নির্মাণের নামে অর্থ আত্মসাৎ করেননি। তাদের স্বপ্ন ছিল একটি সুন্দর ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা।
২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীতে সরকারবিরোধী হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশিদ। এরপর থেকে তার পরিবারের পাশে থাকার কথা উল্লেখ করে বিএনপি নেতারা জানান, গত ১২ এপ্রিল ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে তার পরিবারের জন্য নতুন বাড়ির নির্মাণকাজ শুরু হয়।
নতুন বাড়ির চাবি পেয়ে হারুনের স্ত্রী জোহরা বেগম প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানান। বিএনপি নেতারা জানান, ২০১৭ সালে তারেক রহমান নিজ খরচে হারুনুর রশিদের বড় মেয়ের বিয়ে দেন। পরিবারের আরেক মেয়ের বিয়ের ব্যয়ও তিনি বহন করবেন। পাশাপাশি নবম শ্রেণিতে পড়ুয়া হারুনের একমাত্র ছেলের পড়াশোনার খরচ ‘আমরা বিএনপি পরিবার’ বহন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, সংগঠনের উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাতসহ দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিহত হারুনুর রশিদের কবর জিয়ারত করেন। পরে নতুন বাড়িটি উদ্বোধন করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
এদিকে বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি হারানো আরেক অসহায় পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার কথা রয়েছে রুহুল কবির রিজভীর। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের উদ্যোগে পরিবারটিকে নতুন বাড়িটি দেওয়া হচ্ছে।