
স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশি পাহারায় ধানমন্ডির কলাবাগানে নিজ বাসায় পৌঁছান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রিজন ভ্যান ও পুলিশের নিরাপত্তাবেষ্টনীতে দীপু মনিকে বাসায় নিয়ে আসা হয়। সেখানে তিনি স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ শেষবারের মতো দেখেন।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তৌফিক নেওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে মরদেহ দেখার পর তা গুলশানের আজাদ মসজিদে নেওয়া হবে। বাদ জোহর জানাজা ও দোয়া শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে বুধবার দুপুরে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা একাধিক মামলার আসামি হিসেবে দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।
দীর্ঘদিন ধরে তার স্বামী তৌফিক নেওয়াজ কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। কারাগারের বাইরে স্বামীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে দীপু মনি একাধিকবার আবেদন করলেও অনুমতি পাননি। আদালতে তাকে হাজির করার সময়ও অসুস্থ তৌফিক নেওয়াজ স্ট্রেচারে করে এসে তার সঙ্গে দেখা করতেন।