
রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মন্ত্রিসভা ও বিএনপির মহাসচিব পদ থেকে বিদায়ের কথা জানান।
পোস্টে মির্জা ফখরুল লিখেছেন—
মন্ত্রিসভা ও বিএনপির মহাসচিব পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগ
প্রিয় নেতৃবৃন্দ,
‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি।’
আপনাদের বিশ্বস্ত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে অংশ নেওয়া একাধিক সংসদ সদস্যের ভাষ্য, বক্তব্যের শুরুতেই কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল। এ সময় তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি নির্বাচনে দলের নেতাকর্মীদের কাছে দোয়া চান মির্জা ফখরুল। একই সঙ্গে তাকে ভোট দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের ওই সভা অনুষ্ঠিত হয়।