
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর সচিবালয়ের সামনে মুক্তাঙ্গনে আয়োজিত ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
১১ দলীয় ঐক্যের নেতারা জানান, গণহত্যার বিচার দ্রুত বাস্তবায়ন, সব গণহত্যার বিচার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতেই ধারাবাহিক এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষিত কর্মসূচিগুলো হলো—
আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কপথে লংমার্চ।
আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে রংপুর পর্যন্ত সড়কপথে লংমার্চ।
আগামী ১০ অক্টোবর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে খুলনা পর্যন্ত সড়কপথে লংমার্চ।
আগামী ২৪ অক্টোবর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে সিলেট পর্যন্ত রেলপথে লংমার্চ।
আগামী ১৪ নভেম্বর ২০২৬ (শনিবার): ঢাকায় মহাসমাবেশ।
১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, দেশ ও জনগণের স্বার্থে এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত এসব কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
এ ছাড়া ঘোষিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে গণসংযোগ কার্যক্রম ও আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন তারা।