
জ্বালানি তেল ও গ্যাসের সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছে ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে রাজধানীর পল্টনে এ কর্মসূচি শুরু হয়।
অবস্থান কর্মসূচিকে ঘিরে পল্টন জিরো পয়েন্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে স্লোগান দেন।
কর্মসূচি থেকে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে ১০ দফা জনদাবি তুলে ধরে জোটটি। দাবিগুলোর মধ্যে রয়েছে— গত তিন মাসের কথিত ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের বিষয়ে গণশুনানির আয়োজন, দায়ীদের শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ প্রদান।
এ ছাড়া প্রিপেইড ও পোস্টপেইড মিটারে আরোপিত ডিমান্ড চার্জ, মিটার ভাড়াসহ সব ধরনের অযৌক্তিক চার্জ বাতিল এবং অতিরিক্ত আদায় করা অর্থ গ্রাহকদের ফেরত দেওয়ার দাবি জানানো হয়।
জোটটির দাবির মধ্যে আরও রয়েছে, গ্যাস সরবরাহ না থাকলে বিল আদায় বন্ধ রাখা, গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ গ্রহণ।
পাশাপাশি সিস্টেম লস, চুরি ও অপচয় রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পাইপলাইন সংস্কারের দাবিও জানানো হয়।
শিল্প ও বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তাদের ১০ দফার অন্তর্ভুক্ত।
কর্মসূচিতে উপস্থিত রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।