
নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যানঘাট ছেড়ে যাওয়ার পর মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে ওঠানোর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এ অবস্থায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সংসদ সদস্য।
রোববার (১২ জুলাই) দুপুরে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আবদুল হান্নান মাসউদ এ বিষয়ে বক্তব্য দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, সরকারি দায়িত্ব পালনের উদ্দেশ্যে চেয়ারম্যানঘাটে পৌঁছানোর সময় ফেরিটি প্রায় দুই মিনিট আগে ঘাট ছেড়ে যায়। তবে তখন সেটি খুব বেশি দূরে অগ্রসর হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে তারা ফেরিটি পুনরায় ঘাটে ফিরিয়ে এনে তাকে ওঠার সুযোগ করে দেন।
তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফেরি ছাড়া অন্য কোনো নৌযান চলাচল করছিল না। ফলে বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার সুযোগ ছিল না। এমন পরিস্থিতিতে ফেরি কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করেছে।
ঘটনাটি নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি দাবি করেন, একটি মহল বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি দায়িত্ব পালন করে আসছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।
এদিকে ফেরিটির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম জানান, এমপি আবদুল হান্নান মাসউদ ফেরির মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে ফেরির আগের মাস্টার সম্প্রতি বদলি হওয়ায় নতুন মাস্টারের মোবাইল নম্বর তার কাছে ছিল না। এ কারণে নির্ধারিত সময় অনুযায়ী ফেরিটি ঘাট ছেড়ে যায়।
তিনি বলেন, ঘাট ছাড়ার কিছুক্ষণ পর এমপি চেয়ারম্যানঘাটে পৌঁছান। সে সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। এমপির অনুরোধে ঘাট ইনচার্জের সঙ্গে কথা বলে ফেরির মাস্টারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ফেরিটি ঘাটে ফিরিয়ে এনে তাকে ওঠার ব্যবস্থা করা হয়।
সাজ্জাদুল ইসলাম আরও বলেন, রোগী, অ্যাম্বুলেন্স এবং ভিআইপিদের ক্ষেত্রে নির্ধারিত কিছু প্রটোকল অনুসরণ করা হয়। সেই নিয়ম অনুযায়ী ফেরিটি ঘাটে ফিরিয়ে আনা হয়েছিল। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে এরপর আর কোনো নৌযান চলাচল করছিল না।
উল্লেখ্য, চেয়ারম্যানঘাট ছেড়ে যাওয়ার পর মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্যকে বহনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে প্রেস বিজ্ঞপ্তি দেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।