
গণভোট বাস্তবায়নের দাবি থেকে এক চুল পরিমাণও সরে যাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে এবং সরকারকে গণভোট বাস্তবায়নে বাধ্য করা হবে।
শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্যই গণভোটের দাবি জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে গণভোটের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করেননি।
তিনি বলেন, “আমাদের বিভিন্নভাবে এই দাবি থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমরা জাতির সঙ্গে বেইমানি করতে পারব না। জাতিকে কথা দিয়েছি, লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ সরকারকে গণভোট বাস্তবায়নে বাধ্য করব। এক চুল পরিমাণও সরব না।”
সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, প্রতিবেশী ভারতের কর্মকাণ্ডের মুখে সীমান্তে বিজিবি সদস্য ও সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুললেও সরকার নীরব ভূমিকা পালন করছে। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়ে তিনি বলেন, “কার ভয়ে সরকার কথা বলছে না? জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিলে তার পরিণতি ভালো হবে না।”
তিস্তা ইস্যুতে তিনি বলেন, নির্বাচনের আগে সরকার তিস্তা প্রকল্প নিয়ে নানা প্রতিশ্রুতি দিলেও চলতি বাজেটে এ খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি। “আমরা আর কথার ফুলঝুরি চাই না, বাস্তব পদক্ষেপ দেখতে চাই,” বলেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ভবিষ্যতে জনগণের সমর্থন নিয়ে ১১ দলীয় জোট সরকার গঠন করে গণভোটসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।