
হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে গিয়ে তিনি ডা. পাভেলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসকদের সঙ্গে কথা বলে ডা. পাভেলের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসভবনে হঠাৎ প্রচণ্ড বুকের ব্যথা অনুভব করলে ডা. পাভেলকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয় এবং ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।