
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দলটির বিরুদ্ধে রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্টের অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে এগিয়ে চলছে এবং বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।মী
তিনি জুলাই আন্দোলনের চেতনাকে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।
দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনের জন্য জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধরতে হবে। সরকার নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট রয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশের বাইরে অবস্থান করে পতিত স্বৈরাচার ও তাদের সহযোগীরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। তবে এসব তৎপরতা মোকাবিলায় সরকার সতর্ক ও প্রস্তুত রয়েছে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই আন্দোলনের স্বপ্ন ও আদর্শকে ধারণ করেই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। তার মতে, জুলাইয়ের চেতনার বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ কাঙ্ক্ষিত অগ্রগতি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে।