
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার চলমান রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের ওপরই দলটির নিষেধাজ্ঞার বিষয়টি নির্ভর করবে।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধি আওয়ামী লীগ একটি মাফিয়া দল। তাদের মানবতাবিরোধী অপরাধ নিয়ে বিচার চলছে আদালতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি তাদের বিরুদ্ধে রায় হয়, তাহলে তারা নিষিদ্ধ হবে।’
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর চলমান বিক্ষোভ ও মিছিল আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখা যেতে পারে।
আওয়ামী লীগের রাজনৈতিক সক্ষমতা নিয়ে মন্তব্য করে তিনি বলেন, তাদের নৈতিক শক্তি নেই এবং সরকার মনে করে না তারা বড় ধরনের কোনো কার্যক্রম চালাতে পারবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান আরও জানান, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার প্রসঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং দ্রুতই সেই বাজার উন্মুক্ত হওয়ার আশা রয়েছে।