
বিদ্যুৎ ঘাটতির কারণে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং পরিস্থিতি তৈরি হওয়ায় রাজধানীতেও পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ বিভ্রাট চালুর সিদ্ধান্তের প্রসঙ্গ উঠেছে সংসদে। এ নিয়ে আলোচনার মধ্যেই সংসদ ভবনের ভেতর থেকেই লোডশেডিং কার্যকর করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদ অধিবেশনে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনার সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় দেশজুড়ে লোডশেডিং করতে হচ্ছে। তিনি বলেন, বুধবার (২২ এপ্রিল) বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১৬ হাজার মেগাওয়াট, আর উৎপাদন হয়েছে প্রায় ১৪ হাজার ১২৬ মেগাওয়াট। ফলে দৈনিক দুই হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি তৈরি হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, গরমের এই সময়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন এবং অতীতের অব্যবস্থাপনাও বর্তমান পরিস্থিতিকে প্রভাবিত করছে।
এরপর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ ভবনের ভেতরের বিভিন্ন অফিসে লোডশেডিং করার প্রস্তাব দেন। তবে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করেন, সংসদ অধিবেশন বন্ধ করার সুযোগ নেই।
পরে ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, তিনি সংসদ অধিবেশনে নয়, সংসদ ভবনের অফিসগুলোতে বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ আনার বিষয়ে কথা বলেছেন।
পুরো আলোচনায় বিদ্যুৎ সংকট ও লোডশেডিং পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী উভয় পক্ষের বক্তব্যে বিষয়টি আরও গুরুত্ব পায় সংসদে।