
জন্মসূত্রে নাগরিকত্ব (Birthright Citizenship) ইস্যুকে কেন্দ্র করে ভারত ও চীনের অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য ও একটি পডকাস্ট শেয়ার করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ রেডিও উপস্থাপক মাইকেল স্যাভেজের ‘স্যাভেজ নেশন’ পডকাস্টের ভিডিও ও বক্তব্য শেয়ার করেন। সেখানে দাবি করা হয়, ভারত ও চীন থেকে অনেক মানুষ গর্ভাবস্থার শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেন, যাতে নবজাতক স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পায়।
পডকাস্টে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধাকে কেন্দ্র করে এসব অভিবাসী পরে তাদের পরিবারকেও দেশে নিয়ে আসে। পাশাপাশি ভারতীয় ও চীনা পেশাজীবীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়, যা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।
ট্রাম্প দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব নীতির বিরোধিতা করে আসছেন। তবে বাস্তবে কানাডা, মেক্সিকোসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশে এ ধরনের নীতি চালু রয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, দেশটিতে জন্মগ্রহণকারী প্রায় সব শিশুই নাগরিকত্বের অধিকার পেয়ে থাকে। ট্রাম্প প্রশাসন এই নীতি সীমিত করার উদ্যোগ নিলে বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
এদিকে অভিবাসীদের নিয়ে এ ধরনের মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনের আগে অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়াতেই এ ধরনের বক্তব্য ও প্রচারণা সামনে আনা হচ্ছে।