
সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আলোচিত বিষয় হলো—এই তালিকায় জায়গা পাননি পরিচিত নেত্রী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করেন।
তালিকায় পাপিয়ার নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। যদিও সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে এর আগে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। গত শুক্রবার (১০ এপ্রিল) তার পক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক নুরউদ্দীন জামিল রাজু ফরমটি সংগ্রহ করেন।
বিএনপির রাজনীতিতে সুপরিচিত মুখ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তার পারিবারিক রাজনৈতিক পটভূমিও উল্লেখযোগ্য। তার স্বামী হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।