
রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আলোচনায় থাকা এনসিপির অবস্থানকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বলে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার মতে, শুরুতে যে আবেগ তৈরি হয়েছিল, সেটি ধরে রাখতে পারেনি দলটি।
রোববার (১৯ এপ্রিল) একটি সংবাদমাধ্যমের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
এনসিপিতে অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের যোগদানের সুযোগ প্রসঙ্গে জিএম কাদের বলেন, “মানে এনসিপিতে জয়েন করলে সব দোষ মাপ। আর এর আগে তারা দোসর, তারা ক্রিমিনালস, তাদের ফাঁসি দিতে হবে। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড তো খুব একটা গ্রহণযোগ্য হবে না।”
তিনি আরও বলেন, হঠাৎ করে এনসিপি জাতীয় পার্টিকে লক্ষ্যবস্তু করছে কেন—এ নিয়ে প্রশ্ন রয়েছে। তার ধারণা, দলটি জাতীয় পার্টির ভোটব্যাংক দখলের চেষ্টা করছে।
জিএম কাদেরের মতে, এনসিপি মনে করছে আওয়ামী লীগের ভোটভিত্তি নেওয়া কঠিন এবং বিএনপির ভোট পাওয়াও সম্ভব নয়, তাই তারা বিকল্প হিসেবে অন্য দলের ভোটারদের দিকে নজর দিচ্ছে।
এছাড়া এনসিপির আহ্বানে সাধারণ মানুষ সাড়া দেবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, জনগণ শুরুতে ভেবেছিল এনসিপি দেশের মানুষের জন্য কাজ করবে, কিন্তু সেই প্রত্যাশা তারা ধরে রাখতে পারেনি।