
রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের—তবে তিনি স্পষ্ট করেছেন, সেটি ছিল শুধুই সৌজন্য সাক্ষাৎ, কোনো রাজনৈতিক আলোচনা নয়।
রোববার (১৯ এপ্রিল) এক সংবাদমাধ্যমের টকশোতে অংশ নিয়ে এ তথ্য জানান জিএম কাদের। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে, কিন্তু সেখানে রাজনৈতিক প্রসঙ্গ ওঠেনি।
জাপা চেয়ারম্যান বলেন, “কুশল বিনিময় হয়েছে। উনি কেমন আছেন, ভালো আছেন, এই ধরনের কথাই হয়েছে।” তিনি আরও জানান, শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা পুনরায় রাজনীতিতে সক্রিয় হবেন কি না—এ বিষয়েও কোনো আলোচনা হয়নি।
এ প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, “উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।”