
লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে পুলিশ—এ ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের ব্রিজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ করা হয়। এ সময় মো. সাইফুল ইসলাম ওরফে শাকিল (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বড়খেরী ইউনিয়নের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
এ ঘটনায় রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে একই রাতে একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, জব্দ করা ২৪টি ড্রামে মোট প্রায় ৪ হাজার ৮০০ লিটার ডিজেল ছিল, যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৫২ হাজার টাকা। অভিযোগ রয়েছে, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিজেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে তা বেশি দামে বিক্রি করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুতের কারণে সাধারণ ভোক্তারা ভোগান্তির শিকার হয়ে আসছেন। তাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা ৪ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।’