
ডিজিটাল বিচারব্যবস্থায় নতুন সংযোজন—বগুড়ায় গিয়ে ই-বেইলবন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া আদালত ভবন থেকে একযোগে সাত জেলায় এই অনলাইন সেবা চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। পরে সকাল ১১টার দিকে তিনি হেঁটে জজ কোর্ট প্রাঙ্গণে যান এবং সেখানে বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন কোর্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
ই-বেইলবন্ড চালুর পর প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং এর আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণা করবেন বলে জানা গেছে।
ই-বেইলবন্ড হলো এমন একটি অনলাইন ব্যবস্থা, যার মাধ্যমে আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জামিননামা দ্রুত সরাসরি কারাগারে পাঠানো যায়।
বগুড়া ছাড়াও ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া জেলায় একযোগে এই সেবা চালু হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, জামিন প্রক্রিয়া সহজ করা, দুর্নীতি কমানো এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি হ্রাসের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দিনের পরবর্তী কর্মসূচিতে প্রধানমন্ত্রী গাবতলী উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে খাল খনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান কর্মসূচি।
এ ছাড়া তিনি নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন করে বিকেলে আবার শহরে ফিরবেন। বিকেল ৪টায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বগুড়া শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকেই শহরের প্রবেশপথগুলোতে ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে, তাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে।