
বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে তীব্র উদ্বেগ ও সমালোচনা তুলে ধরেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তাঁর অভিযোগ, সরকার আবারও ফ্যাসিবাদী ধারা প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে—তবে জনগণকে সঙ্গে নিয়েই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও অংশগ্রহণকারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
সভায় শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণের সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত জুলাই জাদুঘরকে দলীয়করণের চেষ্টা চলছে। পাশাপাশি তিনি দাবি করেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং ক্রিকেট বোর্ড, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদসহ নানা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করছে।
তিনি বলেন, “গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ সংকুচিত করা হচ্ছে। এই পরিস্থিতি মেনে নেওয়া হবে না, জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
নিজেদের রাজনৈতিক কৌশল তুলে ধরে জামায়াত আমির জানান, সংসদের ভেতরে যতদিন আন্দোলন চালানো সম্ভব, ততদিন সেখানে অবস্থান করবেন; তবে মূল লড়াই চলবে রাজপথেই।
একই অনুষ্ঠানে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না এবং আসন্ন আন্দোলনে ১১ দলের শীর্ষ নেতারা সরাসরি নেতৃত্ব দেবেন।
নাহিদ ইসলাম বলেন, “এবার আমরা আংশিক নয়, পূর্ণ সফলতার লক্ষ্য নিয়ে রাজপথে নামবো। প্রয়োজনে নেতারাই সামনে থেকে ঝুঁকি নেবেন।”