
জ্বালানি খাতে কার্যকর তদারকির অভাবে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অ্যাগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত “বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব; উত্তরণের উপায়” শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, “তেল আছে শুধু সংসদে। সংসদে যখন মন্ত্রীরা বা সরকারি দলের এমপিরা বক্তব্য দেন, তখন মনে হয় দেশে তেলের কোনো সংকট নেই।”
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সিন্ডিকেটের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং খোলাবাজারে বেশি দামে জ্বালানি বিক্রি করা হচ্ছে। এর প্রভাব কৃষি খাতেও পড়ছে, বিশেষ করে সেচ ব্যবস্থায় জ্বালানির ওপর নির্ভরতার কারণে উৎপাদন ঝুঁকিতে পড়তে পারে।
এ সময় তিনি বলেন, জ্বালানি খাতে কার্যকর নজরদারি না থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। পাশাপাশি বিভিন্ন খাতে “গোঁজামিল” দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সাম্প্রতিক রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে নেতৃত্ব নির্বাচনে যোগ্যতা ও স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন।