
বিএনপি তাদের ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের’ সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির বিপরীতে অবস্থান নিয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তার দাবি, এই সংস্কারের প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার, কিন্তু এখন তারা সেই অবস্থান থেকে সরে এসেছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বর্তমান সংসদে এমন সদস্য খুঁজে পাওয়া কঠিন, যিনি অতীতে কোনো না কোনোভাবে রাজনৈতিক নিপীড়নের শিকার হননি। তিনি বলেন, ক্ষমতার লোভ অনেক সময় মানুষের অতীত স্মৃতি ভুলিয়ে দেয় এবং নীতি থেকে দূরে সরিয়ে নেয়।
তিনি বিএনপির রাজনীতির সমালোচনা করে বলেন, দলটি নিজেদের একাত্তর, নব্বই ও চব্বিশের আন্দোলনের অংশীদার হিসেবে উপস্থাপন করে, যা ইতিহাসকে এককভাবে দখল করার চেষ্টা। তার মতে, একাত্তরের মুক্তিযুদ্ধে বিভিন্ন পক্ষের অবদান ছিল এবং কাউকে এককভাবে কৃতিত্ব দেওয়া ইতিহাস বিকৃতি।
একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মুক্তিযুদ্ধের ভূমিকার কথা স্বীকার করে বলেন, ব্যক্তিগতভাবে তার অবদানকে সম্মান করা হলেও ইতিহাসকে এককভাবে উপস্থাপন করা ঠিক নয়।
সভায় উপস্থিত ১১ দলীয় জোটের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ‘জুলাই আকাঙ্ক্ষা’ সংসদে বাস্তবায়ন না হয় এবং গণভোটের মাধ্যমে ‘জুলাই সনদ’ কার্যকর না করা হয়, তাহলে তারা রাজপথে আন্দোলনের মাধ্যমে ফয়সালা করবেন।