
নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় সংসদে সরব হয়েছেন এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, তিনি জানিয়েছেন—বর্তমান তরুণদের বড় অংশই ১৯৭২ সালের সংবিধান আর চায় না।
রোববার (২৯ মার্চ) রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে হাতিয়া থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, তিনি এই সংসদের সর্বকনিষ্ঠ সদস্য এবং বাংলাদেশের ইতিহাসেও সবচেয়ে কম বয়সী এমপি। সেই পরিচয়ে তিনি জেন-জি প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন এবং তাদের চাওয়া-পাওয়ার কথাই তুলে ধরছেন।
তিনি বলেন, ‘আমি এই সংসদের সর্বকনিষ্ঠ এমপি। বাংলাদেশের ইতিহাসেরও সর্বকনিষ্ঠ এমপি। আমি এমপি হিসেবে জেন-জি প্রজন্মের প্রতিনিধিত্ব করছি এবং জেন-জিরা কী চায়, তা আমি বলছি। জেন-জিরা ৭২-এর সংবিধান আর চায় না।’
আব্দুল হান্নান মাসউদ আরও বলেন, স্বাধীনতার তিন দশক পর জন্ম নেওয়া প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে—এর ব্যাখ্যা তারা জানতে চায়। পূর্বসূরিদের আত্মত্যাগের বিনিময়ে একটি নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা থাকলেও বাস্তবে তা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তার বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা, পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক চর্চা নিয়েও প্রশ্ন তোলা হয়। অতীতের নির্বাচনী অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে তিনি বর্তমান সময়েও সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা ও দায়িত্ব পালনের সময় একাধিকবার হামলার শিকার হওয়ার অভিযোগ এনে তিনি বলেন, নির্বাচনকালীন এবং পরবর্তী সময়ে তার ওপর আক্রমণ হয়েছে, যার ভিডিও প্রমাণও রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সহিংসতা ও অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একটি ধর্ষণের ঘটনার উল্লেখ করে তিনি জানান, ভুক্তভোগী এখনো ন্যায়বিচার পায়নি।
শেষে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেশে সন্ত্রাস ও সহিংসতা নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।