
গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর স্টেশনক্লাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) বিভাগীয় ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, আমরা হ্যাঁ এর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি। সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আদালতে। আমরা সেটা মানবো না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় আমাদেরকেও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মত স্লোগান দিতে চাই না হাইকোর্ট না রাজপথ। কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।
নাহিদ ইসলাম আরও বলেন, ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানাতে হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক হবে না। ভারতের সঙ্গে সম্পর্ক করতে হলে আগে জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার বিচার ও ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের পাঠানোর পর আমরা বিষয়টি ভেবে দেখবো। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে, হাদীর হত্যাকারীদের ফেরত না পাঠালে ভারতের সঙ্গে কোন সম্পর্ক ঠিক হবে না।
এ সময় সংবিধান সংস্কার বাস্তবায়নে বিএনপি সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এমন আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার নামে গুজবের স্বাধীনতা চর্চা হয়। কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী মিডিয়া ড. মুহম্মদ ইউনূসকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা চাই গণমাধ্যম সঠিক ও বিভ্রান্তিমুক্ত সংবাদ প্রকাশ করবেন।
অনুষ্ঠানে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা যতদিন জীবিত থাকবো ততদিন দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের কবর রচনা করবো। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আহ্বান করবো শরিফ ওসমান হাদীর হত্যার বিচার দ্রুত করতে। না হয় আমরা আপনাদের মত বলবো না- ঈদের পরে আন্দোলন। আমরা আন্দোলনে নামলে হাদী হত্যার বিচার নিয়েই ফিরবো।
এ সময় এনসিপির মূখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, গণভোটে ৭০ শতাংশ ভোট পেয়ে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সংস্কার নিয়ে চোর-পুলিশ খেলা চলছে। আমরা যদি দেখি জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না- তাহলে আমরা আবারও রাজপথে নামবো। যদি শান্তিতে সরকার পরিচালনা করতে চান, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার বাস্তবায়নে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে সরকারকে।
এনসিপি উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, প্রথম থেকেই আমরা দেখছি বিএনপি’র কিছু নেতাকর্মী, তাদের আইনজীবী আবার বাংলাদেশকে তাদের পুরনো পথে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আমরা দেখছি মাঠ পর্যায়ে আমাদের নেতাদেরকে হুমকি দেয়া হচ্ছে, হামলা করা হচ্ছে। এটা মোকাবিলা করার জন্য আমাদেরকে শক্তিশালী সাংগঠনিক সক্ষমতা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কুমিল্লা বিভাগীয় মহানগর ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
