
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (০২ মার্চ) দুপুরে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আলোচনা চলমান থাকা অবস্থায় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা কোনো আন্তর্জাতিক নিয়মের মধ্যেই পড়ে না।
তারা আরও উল্লেখ করেন, ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট অবজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এ সময় অবিলম্বে যুদ্ধ বন্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাউজ বিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা চালায়। চলমান ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ প্রায় শতাধিক ব্যক্তি নিহত হন। পরবর্তীতে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং ইসরায়েলের দিকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।