
দেশের ক্রিকেট ইতিহাসে অধিনায়কত্ব করা সাবেকদের সম্মান জানিয়ে বিশেষ ‘ক্যাপ্টেনস কার্ড’ তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান এডহক কমিটি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ৩২ জন সাবেক অধিনায়কের মধ্যে উপস্থিতদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়, তবে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজন গুরুত্বপূর্ণ সাবেক অধিনায়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানে জাতীয় দলের বর্তমান ও সাবেক একাধিক অধিনায়ক একসঙ্গে একই মঞ্চে দেখা যায়। বোর্ডের উদ্যোগে দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করা সবাইকে এই বিশেষ কার্ডের আওতায় আনা হয়েছে। এতে সাবেক অধিনায়কদের ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচ, মহাদেশীয় টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ এবং বিপিএলসহ বিভিন্ন ম্যাচে মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ রাখা হয়েছে।
এছাড়া এই কার্ডধারী সাবেক অধিনায়করা অসুস্থ হলে তাদের জন্য বোর্ডের চিকিৎসা সহায়তা সহজলভ্য থাকবে, কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বিসিবির মেডিকেল টিম সহায়তা দেবে বলেও জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ছিলেন শান্ত ও লিটন দাসসহ বর্তমান সময়ের নেতৃত্বে থাকা ক্রিকেটাররা। মোট ৩২ জন সাবেক অধিনায়কের মধ্যে ২৭ জন পুরুষ ও ৫ জন নারী অধিনায়ক এই সম্মাননা পান।
তবে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজন সাবেক অধিনায়ক। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যেক অধিনায়ককে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।