
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-কে উন্নত চিকিৎসার অংশ হিসেবে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত সোমবার (১৩ এপ্রিল) সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্যই এই স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেশের শীর্ষ নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।