
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় খুলে কার্যক্রম শুরু করার খবর ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে সংস্কার কার্যক্রম ও জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় দায়ীদের বিচার আদৌ হবে কি না, সে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি উত্থাপন করেন। পোস্টটিতে কুমিল্লা ৪ দেবীদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করেন নাসীরুদ্দীন।
পোস্টে তিনি লেখেন, ‘হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এর তিন দিন পর ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের অধীনে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট। ওই নির্বাচনে কুমিল্লা থেকে জয়ী হন হাসনাত আবদুল্লাহ। তবে ঢাকা ৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী।