
দেশের রাজনীতিতে জনগণের প্রত্যাশাই হওয়া উচিত প্রধান নিয়ামক শক্তি এমন মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, অন্যান্য রাজনৈতিক দল বিভিন্ন সময়ে জনমতের বিপরীতে অবস্থান নিলেও বিএনপি বরাবরই জনগণের সেন্টিমেন্টকে ধারণ করেছে।
রোববার ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাভারের বিসিএস লাইভস্টক একাডেমি প্রাঙ্গণে নবনিযুক্ত ৪৪তম বিসিএস প্রাণিসম্পদ ক্যাডার কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।
তিনি দাবি করেন, বিএনপি কখনো দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অনুভূতির বিরুদ্ধে অবস্থান নেয়নি। ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন গণতান্ত্রিক ও অধিকারভিত্তিক আন্দোলনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব এবং অধিকার ও বৈষম্যবিরোধী আন্দোলনগুলোতেও বিএনপি সক্রিয় ছিল। ১৯৯০ সালের গণআন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। সর্বশেষ ২০২৪ সালের গণআন্দোলনেও বিএনপি নেতৃত্ব দিয়েছে।
পরিবেশ ও অর্থনীতির প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, শিল্পকারখানার বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না হওয়ায় দেশের নদ-নদী দূষিত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতিতে কৃষিভিত্তিক ও পরিবেশবান্ধব শিল্পায়ন গড়ে তোলা গেলে অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি পরিবেশগত ভারসাম্যও রক্ষা পাবে। তার মতে, কৃষিনির্ভর অর্থনীতি সমৃদ্ধ হলেই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
নবনিযুক্ত ক্যাডার কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা রাষ্ট্রের কর্মকর্তা। কোনো ব্যক্তি বা দলের নয়; রাষ্ট্রের স্বার্থ রক্ষাই আপনাদের প্রধান দায়িত্ব। মাঠপর্যায়ে, বিশেষ করে উপজেলা পর্যায়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
একটি উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সমৃদ্ধ দেশ গঠনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। এ সময় মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।