
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আকস্মিকভাবে বান্দরবানের লামা ও আলীকদমে সফর করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) পাহাড়ি জনপদ লামা ও আলীকদমের বিভিন্ন বাজারে তাকে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে তিনি ইয়াংছা চেক পোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। এরপর লামা বাজার এবং পরে আলীকদম বাজারে ঘুরে বেড়ান। তিনি ব্লু জিন্স, কালো জার্সি এবং মুখে মাক্স পরে ছিলেন। তার সঙ্গে কয়েকজন সঙ্গী ছিলেন। হঠাৎ সফরের কারণ এখনও জানা যায়নি।
এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মো. নাজমুল হোসেন বলেন, “হাসনাত আব্দুল্লাহর এই সফর সম্পর্কে সাংগঠনিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি। পরে আমি জানতে পেরেছি। এটি সম্পূর্ণ ব্যক্তিগত সফর ছিল।”
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর আকস্মিক এই সফর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্য সৃষ্টি করেছে।