
দেশের ছয় সিটি কর্পোরেশনে প্রশাসনিক নেতৃত্বে এলো বড় পরিবর্তন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ ছয়টি সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান।
এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। সিলেট সিটি কর্পোরেশনে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. সাখাওয়াত হোসেন খানকে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পুনর্গঠন সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তারা নির্ধারিত ভাতা পাবেন।