
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের আগে আলোচনায় রয়েছে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়। তবে ছায়া মন্ত্রিসভা গঠিত হলে সেটিকে বিএনপি স্বাগত জানাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছায়া মন্ত্রিসভা আছে; দেশেও এমন কিছু হলে বিএনপি ইতিবাচকভাবে দেখবে।
এর আগে রোববার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন শিশির মনির (জামায়াত) এবং আসিফ মাহমুদ (এনসিপি)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেয়ার পর রাজনীতির আলোচনার পালে নতুন হাওয়া সৃষ্টি হয়েছে।
বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা মূলত ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় ব্যবস্থার পরিচিত ধারণা। বিভিন্ন দেশে এটি সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাব দেওয়ার জন্য গড়ে তোলা হয়। সাধারণত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বিরোধী দল একজন ‘ছায়া মন্ত্রী’ মনোনয়ন করে। এই ছায়া মন্ত্রীদের কাজ হলো সরকারের নীতি ও বাজেট বিশ্লেষণ করা, সমালোচনা করা এবং প্রয়োজনে বিকল্প নীতি বা পরিকল্পনা উপস্থাপন করা।
বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা শুধুমাত্র সরকারের সমালোচনা করার জন্য নয়; এটি দলীয় সদস্যদের রাজনৈতিক প্রশিক্ষণ এবং নির্বাচনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবেও বিবেচিত হয়।