
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, যাকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।
এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বেঞ্চ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
এই রিট দায়ের করা হয়েছিলো শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ রাখার নির্দেশনা চেয়ে। আইনজীবী ইলিয়াস আলী মন্ডল গত ৫ জানুয়ারি সরকারকে আইনি নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান, এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়ে আসছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ এবং অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী, সরকার কোনো আইন ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিতে পারবে না।
নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা থাকলে কোমলমতি শিশু-কিশোররা সারাদিন ক্লাস করার ফলে রোজা রাখতে সমস্যায় পড়বে, যা ধর্মীয় আচার চর্চার অন্তরায় সৃষ্টি করে। এছাড়া স্কুল খোলা রাখলে শহরগুলোতে তীব্র যানজটও হবে, যা নগরবাসীর জন্য দুর্ভোগের কারণ। নোটিশের জবাব না পাওয়ায় এই রিট দায়ের করা হয়।