
বিএনপি ক্ষমতায় এলে নারীবান্ধব সরকার প্রতিষ্ঠা করা হবে এবং নারীদের জন্য আলাদা ‘সাপোর্ট সেল’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান লেক পার্কে গুলশান–বনানী–বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি উপজেলায় নিরাপদ মাতৃত্বসেবা নিশ্চিত করা হবে। নিরাপদভাবে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা হবে এবং মা ও শিশু স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
নারী শিক্ষার বিষয়ে তিনি বলেন, বাল্যবিয়ে বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
কর্মজীবী নারীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, সবেতন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। একই সঙ্গে বাবা-মায়ের ভরণপোষণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, মহাসচিব সৈয়দ আহসান হাবীবসহ সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।