
বেইনসাফি ও দুর্নীতিগ্রস্ত বৈষম্যমূলক কাঠামো পুনর্বহালের লক্ষ্যে সুবিধাভোগী গোষ্ঠী পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ। এর মূল লক্ষ্য ছিল পুরোনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, জনগণ যদি এনসিপির ওপর আস্থা রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে অর্থনৈতিক ও বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা হবে এবং কারো ওপর অতিরিক্ত নির্ভরশীলতা হ্রাস করে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হবে।
পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি বলেন, অগণতান্ত্রিক শাসকদের নতজানু নীতিকাঠামো ভেঙে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আত্মমর্যাদাশীল ও স্বকীয় পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে সার্ক পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হবে এবং আসিয়ানে যোগ দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক উন্নয়নে এনসিপি কাজ করবে।