
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এক ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, তার টুইটার বা এক্স অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে জড়িতদের পরিচয় ইতোমধ্যেই শনাক্ত করা হয়েছে।
রোববার ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ দাবি করেন। বক্তব্যে শফিকুর রহমান বলেন, “গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে একটি নোংরা পোস্ট প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে কিছু লোক বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। আমরা ইতোমধ্যে হ্যাকারদের লোকেশন ও পরিচয় বের করে জাতির সামনে উন্মুক্ত করেছি।”
তিনি আরও বলেন, “আমরা হাসিনার মতো ফ্যাসিস্টদের কোনোভাবেই বরণ করব না এবং তাদের প্রতি কোনো ধরনের ভয়ও করব না। দেশের দায়িত্ব এদের হাতে দিলে দেশের অস্তিত্বই থাকবে না। এরা দেশকে ধ্বংস করে দেবে।”
পথসভায় জনগণের প্রতি সতর্ক বার্তা দিয়ে জামায়াত আমির বলেন, “ভোট ডাকাতদের আর কোনো সুযোগ দেয়া যাবে না। জালিয়াতদের জালিয়াতি করার সুযোগ দেয়া যাবে না। দেশের সুষ্ঠু নেতৃত্ব দিতে হবে।”
আসন্ন রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করতে হবে। যারা পচা রাজনীতির মাধ্যমে ফ্যাসিবাদের জন্ম দিতে চায়, তাদের বিরোধিতায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়া অপরিহার্য।”
পথসভায় শফিকুর রহমান দেশের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান তিনি।