
একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি, আর এই ঘটনার পেছনে যারা দ্রুত কর্মসূচি ঘোষণা করেছে, তাদেরই দায়ী করা হচ্ছে।
রোববার (১ ফেব্রুয়ারি) জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, "ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যারা এই চক্রান্ত করেছে, তারা অনেকদিন থেকেই এর প্রস্তুতি নিচ্ছিল। এখানে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। তারা কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে। আমাদের গভীর আশঙ্কা, এই চক্রান্তের সঙ্গে বিশেষ একটি দল জড়িত। আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি; তারা চরম বাড়াবাড়ি করেছে।"
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, এই হ্যাকিংয়ের উদ্দেশ্য ছিল জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। এ প্রসঙ্গে তিনি বলেন, "জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই কাজটি করা হয়েছে। এটি ওই দলেরই চক্রান্ত। তারা গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এই ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই হ্যাকিংয়ের সাথে জড়িত।"
ঘটনার সময় ও পরবর্তী পরিস্থিতি ব্যাখ্যা করে এহসানুল মাহবুব জুবায়ের জানান, "শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা ৩৭ মিনিটে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়। পরে সেখানে যা পোস্ট করা হয়, তা আমাদের চিন্তা ও আদর্শের বাইরে। বিকেল ৫টা ২২ মিনিটে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে পেরেছি।"
তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।