
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ইশতেহার উন্মোচনের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচিতে পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী রোববার (১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার প্রকাশের কথা ছিল। তবে শনিবার (৩১ জানুয়ারি) রাতে দলটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জরুরি শেরপুর সফরের কারণে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে রোববার জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
দলীয় সূত্র জানায়, রোববার সকালে শহীদ রেজাউল করিমের স্ত্রী ও সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারতের উদ্দেশ্যে শেরপুরের শ্রীবরদীতে যাবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সেখানে সফর শেষে তিনি একাধিক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, রোববার বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে একটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টায় জামালপুরে আরেকটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দিনের শেষভাগে ঢাকায় ফিরে ডা. শফিকুর রহমান তার নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন।