
‘ভ্যানিলা মাফিন কেক’ ও ‘চকলেট মাফিন কেক’-এ ভেজালের অভিযোগে দোষ স্বীকার করে ৮ লাখ টাকা জরিমানা দিয়েছে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একই সঙ্গে বাজার থেকে সংশ্লিষ্ট পণ্যগুলো প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে উপস্থিত হয়ে দোষ স্বীকার করলে বিচারক ও যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদুল হক এ আদেশ দেন।
মামলায় দাখিল করা অঙ্গীকারনামায় কাজী গ্রুপ জানিয়েছে, প্রবিধানমালা লঙ্ঘনের বিষয়টি জানার পরপরই মালিক কাজী জাহিন শাহপর হাসানের নির্দেশে সংশ্লিষ্ট লটের পণ্য বাজার থেকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়।
অঙ্গীকারনামায় বলা হয়, কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের অসাবধানতা ও অনিচ্ছাকৃত কারণে ঘটনাটি ঘটেছে। এ জন্য আসামি আন্তরিকভাবে অনুতপ্ত এবং আদালতের বিবেচনা কামনা করেছেন।
ভবিষ্যতে এ ধরনের অসঙ্গতি যাতে না ঘটে, সে জন্য সংশোধনমূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন ও বিধি কঠোরভাবে মেনে চলার মুচলেকা দেন মামলার একমাত্র আসামি কাজী জাহিন শাহপর হাসান।
এর আগে গত ১৩ আগস্ট ‘ভ্যানিলা মাফিন কেক’ ও ‘চকলেট মাফিন কেক’-এ ভেজালের অভিযোগে সমন জারি করা হয়। মামলায় প্রতিষ্ঠানটির মালিক কাজী জাহিন শাহপর হাসানকে আসামি করা হয়। নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান মামলাটি দায়ের করেন।